Showing posts with label #Shimla. Show all posts
Showing posts with label #Shimla. Show all posts

Friday, October 7, 2016

শব্দ দূষণ

 বেশ কিছু বছর হল দেওয়ালি কালীপুজোর সময়ে শব্দ বাজি পোড়ানো সরকারি ভাবে বন্ধ হয়েছে। প্রশ্ন হল সত্যি কি বন্ধ হয়েছে? এক কাকুকে জিজ্ঞেস করতে উনি বললেন "আমাদের দেশে আইন হয় ভাঙার জন্য আর পুলিশ প্রশাসনের হাত কিঞ্চিত তৈলাক্ত করার জন্য।"

সরকারি ভাবে যদি আইন হয়ে থাকে তাহলে শব্দবাজি বিক্রী হয় কিভাবে ? আর পুলিশের নাকের ডগায় তাদের অজান্তে যদি তা হয়ে থাকে তাহলে এই পুলিশ জনসাধারণকে বড় বিপদ থেকে কি রক্ষা করবে ? তাদের কাছে তো কোনো খবরই নেই। আমাদের অতিপ্রিয়জনদের কোনো না কোনো কাজে হামেশাই জনস্রোতের মধ্যে যেতে হচ্ছে, সবসময়। আজকাল যারা দেশে বিদেশে মানুষের দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে তারা কি জনসাধারণকে জানিয়ে বিপদ ঘটায়? কিছুদিন আগে ঢাকাতে কি কান্ডটাই না হয়ে গেলো। আমাদের পুলিশের নির্ভরযোগ্যতা কতোটা ? কলকাতা পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ডের দূরত্ব বাস্তবে কিন্ত অনেক হাজার মাইল l

কিছু বছর আগে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আছি হঠাৎ খেয়াল হল পুলিশ রয়েছে, ট্রাফিক সিগন্যাল লাইটও ঠিকঠাক কাজ করছে, কোনো যানজট নেই, চলমান গাড়ির সারি। তাহলে এতো শব্দবানের কি দরকারহর্ন বাজালে বুঝি গন্তব্যে চটজলদি পৌঁছনো যায়? নাকি এতে নাজেহাল গরমের থেকে  মেলে ক্ষনিকের পরিত্রাণ ? লক্ষ্য করছিলাম প্রত্যেক ১০টা গাড়ির মধ্যে  অন্তত পক্ষে ৬টা হর্ন বাজিয়ে তবেই এগোচ্ছে। কতো বিচিত্র রকমের আওয়াজে কান ঝালাপালা হবার জোগাড়। অহেতুক এই হন্কিং কি শব্দদূষণ নয় ?

লং ড্রাইভ ভীষণ প্রিয়, আর সুন্দর ঝলমলে বসন্তের রোদে হাইওয়েতে মোটরবাইক চালানোর আনন্দই আলাদা।  সঙ্গে ফাউ পথের ধারের ধাবার সুস্বাদু খানা চা। আগ্রা থেকে মোটরবাইকে যাচ্ছি মায়েনপুরী অপিসের কাজে সঙ্গে ফাইন্যান্স কোম্পানির অফিসার সিদ্ধার্থ শর্মা। আগ্রা থেকে দিল্লি রোড ধরে ফিরোজাবাদ ছাড়িয়ে পৌঁছলাম শিখোয়াবাদ। এখানকার একটা ধাবার তারকা চা আমার খুব প্রিয়। খানাপিনার পরে আবার পথে   এবারে জাতীয় সড়ক ছেড়ে বাম দিকের রাজ্য সড়ক দিয়ে যেতে হবে। সিদ্ধার্থ বল্লো, "স্যার দিন, বাকি রাস্তাটুকু আমি চালাই।" সিদ্ধার্থ বাইক চালাচ্ছে আমি পিছনে বসা, ফাঁকা রাস্তার দুদিকে কৃষিজমি মাঝে মাঝে ছোট গ্রাম। লক্ষ্য করলাম ফাঁকা রাস্তাতেও সিদ্ধার্থ বেশ 'বার হর্ন দিলো। থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, "ফাঁকা রাস্তায় হর্ন বাজাচ্ছেন কেন ?" উত্তর এলো, "আপনি এতটা রাস্তায় একবারও হর্ন বাজাননি তাই দেখছিলাম আপনার হর্ন ঠিক আছে কি না।"

কিছু মাইল পরে রাস্তায় গতিরোধক দেখে গতি কমাবার সাথে সাথে আবার হর্ন। স্পীড ব্রেকারের সাথে হর্নের কি সম্পর্ক্ক? সিদ্ধার্থ বলল "ঐযে গতির ছন্দপতন হল, তাই হর্ন।"
দুদিকে সর্ষের ক্ষেতে হলুদ ফুল, মসৃন ফাঁকা রাস্তায় আমাদের আগে পিছে কেউ নেই।  একজায়গায় রাস্তার একদিকের ক্ষেতের জল উপচে অন্নপাড়ে বয়ে যাচ্ছে তাই দেখে আবার হর্ন ! এবার আমার জিজ্ঞেস করার আগেই সে খানিক হেঁসে বললো, "কি করবো স্যার হর্ন না বাজিয়ে গাড়ি চালাতে পারি না, অভ্যাস।"

হিমাচলে এক পাহাড়ী পাকদন্ডি পথে চলেছি। গাড়ির ড্রাইভার প্রতি বাঁকের আগে হর্ন বাজিয়ে তবেই পাহাড়ি পথের বাঁক নিচ্ছে। আমার স্ত্রীর কাছে ব্যাপারটা অস্বাবাভিক ঠেকাতে আমাকে জিজ্ঞেস করলো, "প্রতি বাঁকে হর্ন বাজানো কি কোনো পাহাড়ী প্রথা?" উত্তরে আমি বললাম, না।  উল্টোদিক থেকে আসা যানকে আগেভাগে সতর্ক করা সংঘর্ষ এড়ানোর জন্য হর্ন। আমার উত্তরে স্ত্রী তো সে হেসেই খুন, "যে যার লেনে গাড়ী ঠিকমতো চালালে সংঘর্ষ হবে কেন?"


অবাক হচ্ছেন? আমেরিকাতে অনেক পাহাড়ি পাকদন্ডী পারি দিয়েছি। আমার মনে পড়েনা একবারও কাউকে হর্ন বাজাতে শুনেছি। অহেতুক হর্ন বাজানো এখানে অভদ্রতা। আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স, দালাল চক্রের দৌলতে একটা প্রহসণে পরিণত হয়েছে। আগে লোকে লাইসেন্স পায় তারপরে গাড়ি চালাতে শেখে। কোনো দ্বিমত ? যুক্তরাষ্ট্রে, গাড়ী চালানোর পার্মিট সরকারের তরফ থেকে আপনাকে দেওয়া এক বিশেষ সুবিধা যতদিন পথঘাটের নিয়ম পালন করবেন ততদিন আপনার ড্রাইভিং পারমিট বহাল থাকবে নচেৎ ভোকাট্টা।